কামাখ্যাগুড়িতে ৪ কোটি টাকার সুপারি বাজেয়াপ্ত, সিল করা হল ৪টি গোডাউন

আলিপুরদুয়ার, ৯ নভেম্বর:- কামাখ্যাগুড়িতে চারটি সুপারির গোডাউন সিল করল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। গোপন খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। প্রায় ৪ কোটি টাকার সুপারি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কামাখ্যাগুড়ি ফাঁড়ির ওসি দীপায়ন সরকারের নেতৃত্বে এক এক করে চারটি সুপারির গোডাউনে অভিযান চালানো হয়। চারটি গোডাউন থেকে মোট প্রায় ১৭৭৯ বস্তা সুপারি পাওয়া গিয়েছে। প্রতি বস্তায় ৫০থেকে ৬০ কেজি সুপারি রয়েছে।
অভিযানের পর থেকেই চারটি গোডাউনের মালিকই গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, চার গোডাউনের মালিকের বিরুদ্ধে মামলা শুরু করা হয়েছে। কামাখ্যাগুড়ি ফাঁড়ির ওসি দীপায়ন সরকার জানিয়েছেন কালিপদ পাল সুনীল সাহা বিশ্বজিৎ সাহা এবং বংশী বদন সাহার গোডাউন সিল করে দেওয়া হয়েছে।
সুপারিগুলির বৈধ কাগজপত্র রয়েছে কিনা, কোথা থেকে এই সুপারি আনা হয়েছিল এবং কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে জেলা পুলিশ সুপার জানিয়েছেন, সুপারি বিরোধী এই অভিযান লাগাতারভাবে চলতে থাকবে। অবৈধভাবে মজুত করা সুপারির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ।